Pages

Saturday, 14 November 2026

ভাদ্দরে তাল কুড়ানোর ধুম - আব্দুল মাতিন ওয়াসিম


ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। ঝোপঝাড়গুলো শেষ রাতের অন্ধকারটুকু গায়ে জড়িয়ে আছে। ঘাসের ডগায় শিশির বিন্দু আবছা ভাবে দৃশ্যমান। বাঁশঝাড়ের পাতায় জমে থাকা বৃষ্টির জল টুপটাপ করে ঝরে পড়ছে। দূরে কোথাও মোরগ ডেকে উঠছে। গ্রামের মেঠোপথে মানুষের আনাগোনা তখনও শুরু হয়নি। অথচ কয়েকটি বেঁটে ছায়ামূর্তি সেই নিস্তব্ধ ভোরে নিঃশব্দে এগিয়ে চলেছে হাঁড়িয়া কোণের তালগাছগুলোর দিকে। তাদের চোখেমুখে বিন্দুমাত্র ঘুমের রেশ নেই, আছে এক অদ্ভুত উত্তেজনা।
 
ফি-বছর ভাদ্র মাস এলেই আমাদের গ্রামের চেহারাটাই বদলে যেত। বর্ষার জল মাঠের নিচু জমিতে, বাঁশঝাড়ের গোড়ায় এবং পুকুরপাড়ের ছোটছোট গর্তে জমে থাকত। রাতভর বৃষ্টির পর সকালে উঠোনে পা রাখলেই পায়ের পাতায় লেগে যেতো ঠান্ডা কাদা। দূরের ধানখেতের উপর ভেসে থাকত হালকা কুয়াশার আস্তরণ। বাঁশবাগানের ফাঁক দিয়ে উঁকি দিত সকালের আলো। আর তারই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে সারি সারি তালগাছ—যেন বর্ষার শেষভাগে গ্রামের আকাশের গায়ে আঁকা কোনো ছবি।
 
তালগাছের মাথায় পাকা তালের কাঁদি। কালচে-বেগুনি রঙের তালগুলো দূর থেকে চোখে পড়ত। আর যখন কাঁদি থেকে পাকা তাল খসে মাটিতে পড়ত, তখন আমাদের চোখেমুখে কী আনন্দ! সেই সময় তাল আমাদের কাছে নিছক একটা ফল ছিল না। আমাদের কাছে তাল ছিল আনন্দ, উত্তেজনা, প্রতিযোগিতা আর একরাশ রোমাঞ্চ। কোন গাছে বেশি তাল ধরে, কোন গাছের তাল আগে পাকে, কোন গাছের তাল বেশি বড়, কোন গাছের তালগুলো জলে পড়ার সম্ভাবনা বেশি—এসব ছিল আমাদের আলোচনার বিষয়। গ্রামের অন্য কোনো খবরের চেয়ে তখন এসব খবরই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল।
 
ভোরের ঘুম আমার বরাবরই বড্ড প্রিয়। কিন্তু ভাদ্দর মাসে তাল কুড়োনোর মরসুমে সেই ঘুমেরও যেন ছুটি হয়ে যেত। আকাশ তখনও পুরোপুরি ফর্সা হয়ে ওঠেনি। পূর্ব দিগন্তে কেবল আলোর সরু একটা রেখা ফুটে উঠেছে। সুবহ সাদেক হয়েছে সবে। চারদিকে আধো অন্ধকার। আমরা চুপিচুপি বাড়ি থেকে বেরিয়ে পড়তাম। কারও হাতে ছোট্ট ঝুড়ি, কারও হাতে পুরোনো বস্তা, কারও হাতে লম্বা লাঠি। কেউ আবার খালি হাতে। 
 
তবে ভোরবেলার এই অভিযানে আনন্দের পাশাপাশি একটা চাপা ভয়ও কাজ করত। কালো মাসনার ভয়। গ্রামের বড়দের মুখে শুনতাম, তালগাছের আশপাশের জলাশয়ে মাসনা থাকে। বিশেষ করে খুব ভোরে, যখন চারদিক নির্জন, তখন সে নাকি বেশ সক্রিয়। কেমন দেখতে, কোথায় থাকে, কখন আসে—এসবের কোনো নির্ভরযোগ্য খবরাখবর আমাদের জানা ছিল না। কেউ তাকে সত্যিই চোখে দেখেছে কি না, সেটাও ছিল রহস্য। কিন্তু আমাদের ভয় পাওয়ানোর জন্য অতটুকুই যথেষ্ট ছিল। বড়দের মুখে শোনা গল্প আর নিজেদের কল্পনা মিলিয়ে মাসনা আমাদের কাছে এক ভয়ংকর জলজ ভূতে পরিণত হয়েছিল।
 
তাই তাল কুড়োতে গিয়ে যদি কখনও কোনো তাল পুকুরের জলে পড়ে থাকতে দেখতাম, তখনই মনের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যেত। একদিকে পাকা তাল কুড়ানোর প্রবল লোভ, অন্যদিকে মাসনার ভয়! তালটা যদি জলের কিনারে থাকত, তাহলে খানিকটা সাহস করে এগিয়ে যেতাম। কিন্তু একটু দূরে ভাসতে দেখলেই বিপদ। কে আর অমন ভোরে মাসনার খপ্পরে পড়তে চায়!
 
পাড়ে দাঁড়িয়ে সাতপাঁচ ভাবছি, এমন সময় হঠাৎই মনে পড়ে যেতো নানী-দাদী’র শেখানো দু’আগুলো। মনে মনে কেউ ‘তিন কুল’ পড়তাম, কেউ ‘আয়াতুল কুরসি’ আওড়াতাম, কেউ ‘আ’ঊযু বিল্লাহ’। আর হাতের লম্বা লাঠিটাকে আমলে আনতাম। জলে না নেমে, পাড়ে দাঁড়িয়েই লাঠি দিয়ে তালটাকে খোঁচাতে খোঁচাতে কাছে আনার চেষ্টা করতাম। কখনও তালটা আরও দূরে সরে যেত, আবার লাঠির মাথা দিয়ে ঠেলে ঠেলে ধীরে ধীরে পাড়ের কাছে আনতাম। কাছে এলেই স্বস্তি। মনে হতো, যেন মাসনার হাত থেকে বেঁচে গেলাম!
 
আর যদি কখনও জলে নামতেই হতো, বুকের ভেতরটা কেমন দুরুদুরু করত। মনে হতো, এই বুঝি কালো মাসনা পা ধরে জলের তলায় টেনে নিয়ে গেল! জলের নিচে সামান্য কোনো শ্যাওলা পায়ে জড়িয়ে গেলে মনে হতো, মাসনা বুঝি ধরে ফেলেছে। মুহূর্তের মধ্যে বুকের ভেতরটা ধক করে উঠত। তারপর প্রাণপণে পা ছুড়ে জল সরিয়ে পাড়ে উঠে আসতাম। আজ ভাবলে হাসি পায়।
 
তবে তাল কুড়োনোর আসল আনন্দ ছিল দিনের বেলায়। তাল গাছ থেকে একটু দূরে কোনো বড় গাছের নিচে বসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতাম—আজ ভাবলে সত্যিই অবাক লাগে। সেই বয়সে আমাদের এত ধৈর্য কোথা থেকে আসত, কে জানে! তালগাছের মাথার দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখে জ্বালা ধরে যেত, ঘাড় ব্যথা হয়ে যেত, পেট খিদেয় মোচড় দিত; তবুও আমরা উঠতাম না। আমাদের একমাত্র কাজ—অপেক্ষা করা। কখন তাল পড়বে!
 
সকাল গড়িয়ে যেত। রোদ ধীরে ধীরে চড়া হতো। গাছের ছায়া একদিকে হেলে যেত। দূরের মাঠে চাষিরা লাঙল নিয়ে একটা জমি চেষে আরেকটা জমিতে নামত, কোথাও গরুর গলার ঘণ্টা বেজে উঠত, কোথাও পুকুরঘাটে মহিলারা কাপড় ধুতে নেমে পড়তো। গ্রামের জীবন নিজের নিয়মে চলত, অথচ তালগাছের নিচে আমাদের ছোট্ট পৃথিবীটা আটকে থাকত একটিমাত্র অপেক্ষায়।
 
আমরা কেউ পাশের আম, জাম কিংবা নিমগাছের গুঁড়িতে পিঠ ঠেকিয়ে বসে থাকতাম। কেউ মাটিতে শুয়ে আকাশ দেখতাম, কেউ শুকনো ডাল দিয়ে মাটিতে আঁকিবুঁকি কাটতাম। মাঝে মাঝে একজন আরেকজনকে বলত,
—মনে হয়, আজ আর তাল পড়বে না।
পাশের কেউ একজন সঙ্গে সঙ্গে আশ্বাস দিত,
—পড়বে, একটু পরেই পড়বে।
আবার আমাদের চোখ চলে যেত তালগাছের মাথায়। আর ঠিক তখনই—ধপ্!
 
মনে হতো, যেন বজ্রপাত হয়েছে! আমরা যে যেখানে থাকতাম, সেখান থেকেই দে ছুট। কেউ ডানদিকে, কেউ বাঁদিকে। কারও পায়ে জুতো নেই, কারও এক পায়ে জুতো, কারও পা কাদায় মাখামাখি, কারও হাতে লাঠি। কোনো কিছুরই খেয়াল নেই। তালটা কোথায় পড়েছে, সেটাই তখন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কখনও তাল পড়ত ডাঙায়, ছোট ছোট আগাছার জঙ্গলে। আবার কখনও—ছপাং! সোজা পুকুরের জলে। তখন তো আনন্দের সীমাই থাকত না! তাল জলে পড়েছে মানে আমাদের সামনে নতুন অভিযান। কে জামাকাপড় খুলল, কে খুলল না—তার কোনো ঠিকঠিকানা নেই। কেউ গামছা পাড়ে ফেলে ছুটেছে, কেউ প্যান্ট গুটিয়ে জলে নেমেছে, আর কেউ জামাকাপড় না খুলেই ঝপাং করে পুকুরে ঝাঁপ দিয়েছে।
 
জলের উপর তালটা দেখা গেলে সবাই তার দিকে ছুটত। কিন্তু অনেক সময় তালটা ঢেউয়ের ধাক্কায় দূরে সরে যেত। কখনও পুকুরের শ্যাওলার আড়ালে লুকিয়ে পড়ত। কখনও আবার জলের নিচে কাদায় ঢুকে যেত। তখন শুরু হতো ডুব দিয়ে জলের তলায় তল্লাশি। পুকুরের তলায় চোখ বন্ধ করে নরম কাদার মধ্যে হাত ঢুকিয়ে তাল হাতড়াতাম। আঙুলে গোল ও শক্ত কিছু ঠেকলেই বুকের ভেতর আনন্দের ঢেউ উঠত—পেয়েছি! পেয়েছি!
 
জলের নিচ থেকে তালটা তুলে যখন মাথার উপর ধরতাম, মনে হতো যেন কোনো গুপ্তধন উদ্ধার করেছি। সেই মুহূর্তে আমাদের চোখেমুখে হাসির রেখা জ্বলজ্বল করে উঠত। একটা সামান্য তাল তখন আমাদের কাছে এক অমূল্য সম্পদ। একটা পাকা তালের বাজারদর কত, আমরা জানতাম না। দাম দিয়ে তার মূল্যও কখনও মাপিনি। কারণ তাল আমাদের কাছে কোনো বাজারের জিনিস ছিল না; তাল ছিল কুড়িয়ে পাওয়া আনন্দ, নিজের হাতে অর্জন করা এক বিজয়।
 
অবশ্য এই বিজয়ের ভাগ নিয়ে মাঝেমধ্যে আমাদের মাঝে ছোটখাটো ঝামেলাও বেধে যেত। কে আগে তালটা ধরেছে, কে প্রথম ছুঁয়েছে, কার হাত আগে লেগেছে—এসব নিয়ে শুরু হতো তর্ক-বিতর্ক। প্রত্যেকেই নিজের অধিকার প্রতিষ্ঠায় ব্যস্ত। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। নিজেরা যখন কোনো সুরাহা করতে পারতাম না, তখন মামলাটা পৌঁছাত উচ্চ আদালতে। অর্থাৎ সেই সময় পথ দিয়ে যাওয়া কোনো বয়স্ক মানুষের কাছে। তাঁকে দাঁড় করিয়ে নালিশ জানানো হতো। তিনি দু’পক্ষের ফরিয়াদ শুনে-বুঝে একটা রায় দিতেন। তারপর কেউ আনন্দের সঙ্গে, কেউ আবার বাধ্য হয়ে বুকে পাথর চেপে সেই রায় মেনে নিত। সেই সময় সামান্য একটা তালকে কেন্দ্র করে আমাদের যে বিচারব্যবস্থা গড়ে উঠত, আজকের দিনে দাঁড়িয়ে সেটাও এক মজার স্মৃতি।
 
তাল নিয়ে বাড়ি ফিরলে শুরু হতো আরেক ধরনের উৎসব। মা তাল ধুয়ে পরিষ্কার করতেন। তারপর তাল চেঁছে, ঘষে, ছেঁকে তার রস বের করা হতো। রান্নাঘরের কোনোএক পাশে বড় কোনো পাত্রে জমা হতো সেই রস। তারপর তার সঙ্গে চালের গুঁড়ো, নারকেল কুচি, গুড় কিংবা চিনি মিশিয়ে তৈরি হতো কত রকমের খাবার! তালের পিঠে, তালের বড়া, তালের রুটি—আরও কত কী!
 
তালের বড়া ভাজার সময় রান্নাঘর থেকে যে মিষ্টি গন্ধ ছড়াত, তা উঠোন পেরিয়ে পাড়ার বাতাসেও ছড়িয়ে পড়ত। কড়াইয়ের গরম তেলে গোল গোল বড়া ছাড়লে ‘ছ্যাঁৎ’ করে একটা শব্দ উঠত। সেই শব্দ শুনে আমরা রান্নাঘরের আশপাশে ঘুরঘুর করতাম। কখন বড়া নামবে, কখন হাতে পাব—সেই অপেক্ষা আর তালগাছের নিচে তাল পড়ার অপেক্ষার মধ্যে যেন কোনো পার্থক্য ছিল না!
 
তালের পিঠে তৈরি হলে তো কথাই নেই। গরম গরম পিঠের ভেতর থেকে তালের মিষ্টি গন্ধ বেরিয়ে আসত। আমরা ফুঁ দিতে দিতে খেতাম। জিভ পুড়ে যেত, তবু মন মানত না। তালের রুটির স্বাদও ছিল অন্যরকম—হলুদ-লালচে রুটি, সাথে কষা মাংস, আহা কী খেতে! আজ কত রকমের খাবার, কত রকমের মিষ্টি খাই; কিন্তু সেই তালের পিঠে, বড়া আর রুটির স্বাদ যেন কোথাও খুঁজে পাই না।
 
আমাদের সেই ছেলেবেলায় তুলাইয়ের ওই তল্লাটে অর্থের অভাব ছিল, কিন্তু আনন্দের অভাব ছিল না। আমাদের কাছে খেলনাপাতি তেমন ছিল না, কিন্তু খেলার সঙ্গী ছিল। আমাদের হাতে টাকাপয়সা ছিল না, কিন্তু আনন্দ খুঁজে নেওয়ার বহু উপকরণ ছিল। একটা তাল কুড়িয়ে পাওয়া, একটা পাকা পেয়ারা গাছ থেকে পেড়ে আনা, পুকুরে ঝাঁপ দেওয়া কিংবা বিকেলবেলা বন্ধুদের সঙ্গে মাঠে ছুটে বেড়ানো—এই অতি সাধারণ জিনিসগুলো আমাদের দিনগুলোকে উৎসবে ভরিয়ে দিত।
 
শৈশবের সেই দিনগুলোতে সুখের জন্য আমাদের বেশি কিছুর প্রয়োজন হতো না। একটু খোলা আকাশ, কয়েকজন সঙ্গী, একটা তালগাছ আর অপেক্ষা করার মতো একটা সকাল বা বিকেলই যথেষ্ট ছিল। তবে কালের প্রবাহে সেই দিনগুলো একে একে আমাদের জীবন থেকে ঝরে পড়েছে। যে তালগাছগুলোর পাশে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতাম, সেই গাছগুলো আর নেই। কোনোটা কেটে ফেলা হয়েছে, কোনোটা ঝড়ে ভেঙে পড়েছে। যে পুকুরে তাল পড়লে আমরা ঝাঁপিয়ে পড়তাম, তার কোনোটি ভরাট হয়ে বাড়িঘর হয়েছে, কোনোটি হারিয়েছে তার জৌলুস। যে মাঠ দিয়ে আমরা তাল কুড়োতে ছুটতাম, সেখানে এখন শিশুকিশোরদের হাতে হাতে মুঠোফোন, এক অন্যরকম ব্যস্ততা।
 
আর তাল কুড়ানো সেই ছেলেগুলোর কেউ এখন দু’টো ডালভাত জোগাড় করতে পাড়ি দিয়েছে কোনো শহরে—দিল্লি, মুম্বাই, কেরলে; কেউ আবার কোনো দূরদেশে—কুয়েত, কাতার, সৌদি আরবে; কেউ গ্রামেই সংসারের ভারে নুইয়ে পড়েছে। কারও সঙ্গে একটুআধটু যোগাযোগ হয়, কারও সঙ্গে একদমই নয়। অথচ একসময় তালপাড়ে ধপ্‌ করে শব্দ হলেই আমরা সবাই একসঙ্গে ছুটতাম। আমাদের মাঝে তখন কোনো দূরত্ব ছিল না, কোনো হিসাব ছিল না, ছিল না কোনো ব্যস্ততার অজুহাত।
 
শহরের এই যান্ত্রিক জীবনে, দম ফেলার ফুরসৎ নেই কারও। তা সত্ত্বেও ভাদ্দরের কোনো সকালে হঠাৎ যখন পাকা তালের গন্ধ নাকে আসে; মনে হয়, আমি আবার সেই ছোট্ট ছেলেটি হয়ে গেছি। ভোরের আবছা আলো, শিশিরভেজা ঘাস, হাতে ছোট্ট ঝুড়ি, সামনে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে তালগাছ, মনে মাসনার ভয়, আর তার চেয়েও বড় তাল কুড়োনোর লোভ, তারপর—ধপ্!
 
আমি ছুটছি। আমার সঙ্গে আরও ক’জন ছুটছে। কেউ হাসছে, কেউ চিৎকার করছে। তালটা গড়িয়ে পুকুরের জলে। আমরা তার পেছনে। তারপর ছপাং করে জলে ঝাঁপ। মুহূর্তের মধ্যে চারপাশের পৃথিবীটা যেন জলের নিচে তলিয়ে যাচ্ছে। হাতড়াতে হাতড়াতে একটা গোল, শক্ত কিছুর নাগাল। সেটা মুঠোয় ধরে জলের উপর উঠে আসছি, মুখে বিজয়ের হাসি!
 
চোখ খুলেই অবশ্য দেখি, আমি সেই পুকুরে নেই। আমি দাঁড়িয়ে আছি শতসহস্র মাইল দূরে জীবনের মাজারে। চারপাশে কত হিসাব-কেতাব, কত দায়-দায়িত্ব, কত ব্যস্ততা! সঙ্গীসাথীরা কাছে-পিঠে কেউ নেই, তালগাছ নেই, পুকুরও নেই। এমনকি সেই ছেলেটিও নেই। অথচ সে রয়ে গেছে কোথাও না কোথাও, স্মৃতির কোনো নির্জন বারান্দায়, আমগাছের ছায়ায় বসে তালগাছের মাথার দিকে তাকিয়ে, সেই পরিচিত শব্দটির জন্য—ধপ্। যে শব্দের সাথে হাঁড়িয়া কোণের ওই তালগাছ থেকে ভাদ্দরের কোনো এক ক্লান্ত দুপুরে ঝরে পড়েছিল আমাদের শৈশব; আর আমরা আজও তা কুড়িয়ে পাওয়ার অপেক্ষায়।
 
১১ নভেম্বর ২০২৬
হেস্টিংস, কোলকাতা

No comments:

Post a Comment