Pages

Tuesday, 15 February 2022

প্রিয়তমেষুর স্মরণে মদিরা পান - ইবনুল ফারিজ



[ইব্‌নুল্‌ ফারিদ় (মিশর) একজন সূফী কবি ছিলেন। তাঁর অধিকাংশ কবিতা আল্লাহ্‌র প্রেমে উদ্বুদ্ধ হয়ে রচিত। তাই এখানে হাবীববলতে তিনি আল্লাহ্‌কেই উদ্দেশ্য করেছেন। তাঁর অধিকাংশ কবিতা দ্ব্যর্থবোধক; ফলে একই কবিতা যেমন সূফীদের জিকিরের মাহফিলে আবৃত্তি হয়, তেমনি সুরাপ্রেমীদের পানশালাতেও উচ্চারিত হয়।]


شَـرِبْنَا عـلى ذِكْرِ الحبيبِ مُدامَةً      سَكِرْنَا بها مِن قبلِ أن يُخلقَ الكَرْمُ

আমরা প্রেমাস্পদের স্মরণে মদিরা পান করেছি, এবং আঙুরলতা (যা সুরার মূল উৎস) সৃষ্টিরও পূর্বে তার নেশায় আমরা মাতাল হয়ে পড়েছি।

 

لها البدرُ كأسٌ وهيَ شمسٌ يُديرُها   هلالٌ وكم يبدو إذا مُزِجَتْ نَجمُ

ওই মদিরা সূর্যের মতো উজ্জ্বল, তার পানপাত্র যেন পূর্ণচন্দ্র, তাকে পরিবেশন করে এক নবচন্দ্র; আর নক্ষত্ররাজির সঙ্গে মিলিত হলে এক অপূর্ব আবহ সৃষ্টি হয়।

 

ولولا شذاها ما اهتديتُ لحانِها         ولولا سناها ما تصوَّرها الوهمُ

যদি তার সুঘ্রাণ না থাকত, তবে তার উৎসের সন্ধানই পেতাম না; আর যদি তার দীপ্তি না থাকত, তবে কল্পনাও তাকে উপলব্ধি করতে পারত না।

 

ولم يُبقِ منها الدهرُ غيرَ حُشاشةٍ   كأنَّ خفاها في صدورِ النُّهى كتمُ

এই মদিরা ছাড়া যুগের আর কিছুই অবশিষ্ট নেই; যা আছে, তা যেন প্রাণহীন। আর এর রহস্য কেবল বিবেকবানদের অন্তরেই গোপন থাকে।

 

فإن ذُكرتْ في الحيِّ أصبحَ أهلُهُ   نَشاوى ولا عارٌ عليهم ولا إثمُ

যদি কোনো জনপদে এই মদিরার কথা উচ্চারিত হয়, তবে সেই জনপদের মানুষ তাতেই নেশাগ্রস্ত হয়ে পড়ে; এতে তাদের কোনো লজ্জা বা পাপ নেই।

 

ومن بين أحشاءِ الدِّنانِ تصاعدتْ  ولم يبقَ منها في الحقيقةِ إلا اسمُ

এই মদিরা এমন যে, পাত্রের ভেতর থেকেই তা বাষ্প হয়ে উবে যায়; বাস্তবে সেখানে তার নাম ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না।

 

وإن خطرتْ يوماً على خاطرِ امرئٍ          أقامتْ به الأفراحُ وارتحلَ الهمُّ

কোনো মানুষের মনে যদি একদিনও এই মদিরার স্মৃতি জাগে, তবে তার অন্তরে আনন্দের বসতি গড়ে ওঠে এবং সমস্ত দুঃখ বিদায় নেয়।

 

ولو نظرَ الندمانُ ختمَ إنائها          لأسكرهم من دونها ذلك الختمُ

কোনো পানাসক্ত যদি এই মদিরার পাত্রের সিলমোহরটুকুও দেখে, তবে মদিরা পান না করেই সেই সিলমোহর তাকে মাতাল করে তোলে।

 

ولو نضحوا منها ثرى قبرِ ميِّتٍ                لعادتْ إليه الروحُ وانتعشَ الجسمُ

যদি কোনো মৃতের কবরের মাটিতে এই মদিরা ছিটিয়ে দেওয়া হয়, তবে তার আত্মা ফিরে আসে এবং দেহ পুনরায় সজীব হয়ে ওঠে।

 

ولو طرحوا في فيءِ حائطِ كرمِها             عليلاً وقد أشفى لفارقَه السقمُ

যদি কোনো অসুস্থ মানুষকে আঙুরলতার ছায়ায় রাখা হয়, তবে সেই ছায়াই তাকে সুস্থ করে তোলে এবং তার রোগ দূর হয়ে যায়।

 

ولو قرَّبوا من حانِها مُقعداً مشى               وتنطقُ من ذِكرى مذاقتِها البُكمُ

কোনো পঙ্গুকে যদি এই মদের দোকানের কাছে নিয়ে যাওয়া হয়, তবে সে চলতে শুরু করে; আর এর স্বাদের কথা স্মরণ হলে বোবারাও কথা বলতে থাকে।

 

ولو عبقتْ في الشرقِ أنفاسُ طيبِها                        وفي الغربِ مزكومٌ لعادَ له الشمُّ

যদি প্রাচ্যে এই মদিরার সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, আর পাশ্চাত্যে কোনো সর্দিগ্রস্ত ব্যক্তি থাকে, তবে তারও ঘ্রাণশক্তি ফিরে আসে।

 

ولو خُضبتْ من كأسِها كفُّ لامسٍ             لما ضلَّ في ليلٍ وفي يده النجمُ

যদি কারও হাত এই মদিরার পেয়ালার রসে রঞ্জিত হয়, তবে সে কখনো রাত্রিতে পথ হারাবে না; কারণ তার হাতে নক্ষত্রসম আলো থাকবে।

 

ولو جُلِّيتْ سرًّا على أكمهٍ غدا      بصيراً ومن راووقِها تسمعُ الصمُّ

যদি গোপনে এই মদিরার রহস্য কোনো অন্ধের কাছে উন্মোচিত হয়, তবে সে দৃষ্টিশক্তি লাভ করে; আর তার পেয়ালার ধ্বনি শুনে বধিরও শ্রবণশক্তি ফিরে পায়।

 

ولو أنَّ ركباً يمَّموا تُربَ أرضِها               وفي الركبِ ملسوعٌ لما ضرَّه السمُّ

যদি কোনো কাফেলা এই মদের উদ্যানের উদ্দেশে যাত্রা করে এবং তাতে কোনো সর্পদষ্ট ব্যক্তি থাকে, তবে বিষ তার কোনো ক্ষতি করতে পারে না।

 

ولو رسمَ الراقي حروفَ اسمِها على         جبينِ مصابٍ جُنَّ أبرأه الرسمُ

যদি কোনো ঝাড়ফুঁককারী এই মদিরার নামের অক্ষর কোনো উন্মাদের কপালে লিখে দেয়, তবে সেই লিখনই তাকে সুস্থ করে তোলে।

 

وفوقَ لواءِ الجيشِ لو رُقمَ اسمُها               لأسكرَ من تحتَ اللواءِ ذلك الرقمُ

যদি সৈন্যবাহিনীর পতাকার ওপর এই মদিরার নাম লেখা হয়, তবে সেই লিখনই পতাকার নিচে থাকা সকলকে মাতাল করে তোলে।

 

تُهذِّبُ أخلاقَ الندامى فيهتدي        بها لطريقِ العزمِ من لا له عزمُ

এই মদিরা পানাসক্তদের চরিত্র পরিশুদ্ধ করে; এমনকি যার দৃঢ়তা নেই, তাকেও দৃঢ়তার পথে পরিচালিত করে।

 

ويكرمُ من لم يعرفِ الجودَ كفُّهُ     ويحلمُ عند الغيظِ من لا له حلمُ

যে কখনো দানশীল ছিল না, সেও দানশীল হয়ে ওঠে; আর যার মধ্যে সহনশীলতা ছিল না, সেও ক্রোধের সময় ধৈর্য ধারণ করতে শেখে।

 

ولو نالَ فدمُ القومِ لثمَ فدامِها          لأكسبه معنى شمائلِها اللثمُ

সমাজের সবচেয়ে নির্বোধ ব্যক্তিটিও যদি এর পাত্রের মুখে চুম্বন করে, তবে সেই চুম্বনই তার মধ্যে এই মদিরার সমস্ত গুণ সঞ্চারিত করে।

 

يقولون لي صِفها فأنتَ بوصفِها    خبيرٌ أجلْ عندي بأوصافِها علمُ

লোকেরা আমাকে বলে, ‘তুমি তো এই মদিরাকে ভালো চেনো, এর বর্ণনা দাও।আমি বলি, ‘হ্যাঁ, এর গুণাবলি সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে।

 

صفاءٌ ولا ماءٌ ولطفٌ ولا هوى     ونورٌ ولا نارٌ وروحٌ ولا جسمُ

এটি স্বচ্ছ, কিন্তু জল নয়; সূক্ষ্ম, কিন্তু বায়ু নয়; দীপ্তিময়, কিন্তু আগুন নয়; আত্মাসম্পন্ন, কিন্তু দেহহীন।

 

تقدَّمَ كلَّ الكائناتِ حديثُها               قديماً ولا شكلٌ هناك ولا رسمُ

এর আলোচনা সমস্ত সৃষ্টিরও পূর্বে ছিল, অথচ তখন এর কোনো আকৃতি বা চিহ্ন ছিল না।

 

وقامت بها الأشياءُ ثمَّ لحكمةٍ         بها احتجبتْ عن كلِّ من لا له فهمُ

এর দ্বারাই সবকিছু প্রতিষ্ঠিত হয়েছে; কিন্তু প্রজ্ঞার কারণে এটি তাদের কাছ থেকে আড়াল করা হয়েছে, যাদের উপলব্ধিশক্তি নেই

 

وهامتْ بها روحي بحيثُ تمازجا              اتحاداً ولا جرمٌ تخلَّله جرمُ

আমার প্রাণ এর প্রেমে এমনভাবে মগ্ন হয়েছে যে, উভয়ে এক হয়ে গেছে; অথচ কোনো দেহ অন্য দেহে প্রবেশ করেনি।

 

فخمرٌ ولا كرمٌ وآدمُ لي أبٌ          وكرمٌ ولا خمرٌ ولي أمُّها أمُّ

এটি মদ, কিন্তু আঙুর নয়। আদম (আ.) আমার পিতা। আর আঙুরলতা আছে, কিন্তু তা মদ নয়। এর উৎস এবং আমার উৎস একই।

 

ولطفُ الأواني في الحقيقةِ تابعٌ     للطفِ المعاني والمعاني بها تنمو

বাস্তবে পাত্রের সৌন্দর্য তার অন্তর্নিহিত ভাব ও গুণেরই অনুসারী; আর সেই ভাব ও গুণও এর মাধ্যমে বিকশিত হয়।

 

وقد وقعَ التفريقُ والكلُّ واحدٌ        فأرواحُنا خمرٌ وأشباحُنا كرمُ

উৎস এক হলেও আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে; তাই এখন আমাদের আত্মা হলো মদিরা, আর দেহ হলো আঙুরলতা।

 

ولا قبلَها قبلٌ ولا بعدها بعدٌ           وقبليةُ الأبعادِ فهي لها حتمُ

এর আগে কিছু ছিল না, পরেও কিছু থাকবে না; দূরত্বের পূর্বাবস্থাও এর জন্য অনিবার্য।

 

وعصرُ المدى من قبلِه كان عصرَها         وعهدُ أبينا بعدها ولها اليتمُ

সময়ের যুগ শুরু হওয়ার আগেই ছিল এর যুগ; আর আমাদের আদি পিতা আদম (আ.)-এর যুগও তার পরে। তখন এটি ছিল একাকী ও অনন্য।

 

محاسنُ تهدي المادحينَ لوصفِها                فيحسنُ فيها منهم النثرُ والنظمُ

এর এমন সব গুণ রয়েছে, যা প্রশংসাকারীদের বর্ণনায় উদ্বুদ্ধ করে; ফলে এর প্রশংসায় উৎকৃষ্ট গদ্য ও পদ্য রচিত হয়।

 

ويطربُ من لم يدرِها عند ذكرِها              كمشتاقِ نُعمٍ كلما ذُكرتْ نُعمُ

যে একে চেনে না, সেও এর আলোচনা শুনে আনন্দিত হয়; যেন নুআমের প্রেমিক, যার প্রিয়ার নাম শুনলেই হৃদয় আন্দোলিত হয়।

 

وقالوا شربتَ الإثمَ كلا وإنما        شربتُ التي في تركِها عندي الإثمُ

লোকেরা বলে, ‘তুমি তো পাপ পান করেছ।আমি বলি, ‘না; বরং আমি এমন এক পানীয় পান করেছি, যা পান না করাটাই আমার কাছে পাপ।

 

هنيئاً لأهلِ الديرِ كم سكروا بها     وما شربوا منها ولكنهم همُّوا

অভিনন্দন সেই মঠবাসীদের, যারা পান না করেও শুধু পান করার আকাঙ্ক্ষাতেই মাতাল হয়ে গেছে।

 

وعندي منها نشوةٌ قبل نشأتي        معي أبداً تبقى وإن بليَ العظمُ

আমার জন্মেরও আগে থেকেই এর উন্মাদনা আমার মধ্যে ছিল; আর আমার অস্থি ক্ষয় হয়ে গেলেও সে উন্মাদনা চিরকাল আমার সঙ্গে থাকবে।

 

عليك بها صرفاً وإن شئتَ مزجها             فعدلك عن ظلمِ الحبيبِ هو الظلمُ

এই মদিরা বিশুদ্ধরূপে পান করো। আর যদি মিশ্রিত করতেই চাও, তবে জেনে রেখোপ্রিয়তমের প্রতি অন্যায় দেখে নীরব থাকা নিজেই এক অন্যায়।

 

فدونكَها في الحانِ واستجلها به                 على نغمِ الألحانِ فهي بها غنمُ

একে পানশালায় গিয়ে পান করো এবং সুর-সঙ্গীতের আবহে উপভোগ করো; তবেই এর প্রকৃত আনন্দ উপলব্ধি হবে।

 

فما سكنتْ والهمَّ يوماً بموضعٍ      كذلك لم يسكنْ مع النغمِ الغمُّ

এই মদিরা ও দুশ্চিন্তা কখনো একই স্থানে বাস করে না; যেমন সুরের সঙ্গে বিষাদ একত্রে অবস্থান করতে পারে না।

 

وفي سكرةٍ منها ولو عمرَ ساعةٍ                ترى الدهرَ عبداً طائعاً ولك الحكمُ

এর নেশায় যদি এক মুহূর্তও জীবন কাটাও, তবে দেখবেযুগ তোমার অনুগত দাসে পরিণত হয়েছে এবং কর্তৃত্ব তোমার হাতের মুঠোয়।

 

فلا عيشَ في الدنيا لمن عاش صاحياً        ومن لم يمتْ سُكراً بها فاته الحزمُ

যে এই মদিরাহীন জীবন অতিবাহিত করে, তার জীবনে প্রকৃত আনন্দ নেই। আর যে এর নেশায় উন্মত্ত হয়ে প্রাণ হারায় না, সে প্রকৃত প্রজ্ঞা থেকেও বঞ্চিত।

 

على نفسه فليبكِ من ضاع عمرُهُ               وليس له فيها نصيبٌ ولا سهمُ

অতএব সেই ব্যক্তির নিজের জন্যই কাঁদা উচিত, যার সমগ্র জীবন কেটে গেল অথচ এই মদিরায় তার কোনো অংশ বা প্রাপ্তি রইল না।

No comments:

Post a Comment